বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যেন পদত্যাগের সুনামি চলছে। শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের প্রায় সাড়ে ছয় ঘণ্টার ম্যারাথান সভা শেষে পদত্যাগ করেছেন তিন পরিচালক ফাইয়াজুর রহমান, শানিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরী।
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস হওয়ার আগেই পদত্যাগ করেছেন সাতজন পরিচালক। প্রায় প্রত্যেকেই ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবি ছেড়েছেন। তবে পদত্যাগের হিড়িক নিয়ে ভিন্ন জল্পনা-কল্পনা চলছে।
এমন পরিস্থিতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, প্রয়োজনে সবাই চলে গেলেও তিনি শেষ পর্যন্ত দায়িত্বে থেকে পরিস্থিতি সামলাতে চান। তিনি অভিযোগ করে বলেছেন, প্রায় ছয় মাস ধরে বোর্ডকে শান্তিতে কাজ করতে দেওয়া হয়নি।
গতকাল বোর্ড সভা শেষে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভিকে আমিনুল ইসলাম, ‘আই উইল বি দ্য লাস্ট পারসন টু গো (যাওয়ার জন্য আমিই থাকব শেষ ব্যক্তি)।’
দায়িত্ব গ্রহণের পর বর্তমান বোর্ড বারবার বাইরের শক্তির চাপে পড়েছে অভিযোগ করে আমিনুল বলেন, ‘আমরা ছয় মাসের মতো বোর্ড চালাচ্ছি। একটা দিনের জন্যও কিন্তু আমরা শান্তিতে কাজ করতে পারিনি। আমাদেরকে একটা এক্সটার্নাল ফোর্স সব সময় ডিস্টার্ব করছে এবং করে চলেছে।’
আমিনুল অবশ্য তার নেতৃত্বাধীন বোর্ডের পরিচালকেরা কেন পদত্যাগ করেছেন, জানেন না বলে দাবি করেছেন। তবে পরিচালকদের পদত্যাগের হিড়িক বর্তমান বোর্ডের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে।