বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিনব্যাপী ১০ম স্থলবাহিনী সংলাপ (ল্যান্ড ফোর্সেস টকস—এলএফটি) ২০২৬ শেষ হয়েছে। ২৬ ও ২৭ অক্টোবর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত এ সংলাপে দুই দেশের সামরিক সহযোগিতা জোরদার, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের পক্ষে সংলাপে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপ্যাক) স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানস বিষয়ক ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল জাইলস জে. এস. কর্ণেলিয়া।
সংলাপ শুরুর আগে গত ২৬ অক্টোবর সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল জাইলস জে. এস. কর্ণেলিয়া।
সংলাপে উভয় পক্ষ সামরিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি, উন্নত প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম ব্যবহারে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে। এ ছাড়া প্রশিক্ষণ কার্যক্রম জোরদার ও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি গ্রহণ এবং কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের বিষয়েও উভয় পক্ষ ঐকমত্য পোষণ করে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ সংলাপ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখবে।