চার মাসে ১১৪২ হত্যা, বাড়ছে দেশজুড়ে অপরাধ!

চার মাসে ১১৪২ হত্যা, বাড়ছে দেশজুড়ে অপরাধ!

নিজস্ব প্রতিবেদক : May 16, 2026

চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) দেশে ১ হাজার ১৪২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে খুন, অপহরণ, ডাকাতি, দস্যুতা ও নারী-শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সারাদেশে মোট ১৩ হাজার ২২১টি অপরাধের মামলা দায়ের হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে নারী ও শিশু নির্যাতনের ঘটনায়— ৫ হাজার ৯৯৮টি। এছাড়া খুনের ঘটনায় ১ হাজার ১৪২টি, চুরি ও ছিনতাইয়ে ৪ হাজার ৯৯টি, অপহরণে ৩৪৭টি, দস্যুতায় ৫৯১টি এবং ডাকাতির ঘটনায় ১৮৪টি মামলা রেকর্ড করা হয়েছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, প্রতি মাসে গড়ে প্রায় ৩ হাজার ৩০৫টি এবং প্রতিদিন গড়ে প্রায় ১১০টি অপরাধের মামলা হয়েছে। একইসঙ্গে প্রতিদিন গড়ে প্রায় তিনটি খুন বা অপহরণ এবং দুটি ডাকাতির ঘটনা ঘটেছে।

অপরাধ বিশ্লেষকদের মতে, এলাকায় আধিপত্য বিস্তার, অর্থনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা, পারিবারিক বিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপের অভাব অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। তারা বলছেন, সংঘবদ্ধ অপরাধ ও নতুন ধরনের অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, টহল জোরদার, সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে অপরাধের ধরন পরিবর্তনের কারণে নতুন কৌশল ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও স্বীকার করেছেন তারা।

সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আলোচিত কয়েকটি হত্যাকাণ্ড জনমনে উদ্বেগ তৈরি করেছে। পুলিশ বলছে, এসব ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এদিকে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর আরও কার্যকর ও সমন্বিত পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Share This