সরকার চামড়াশিল্পকে পুনরুদ্ধার করতে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘চামড়াশিল্পকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে তারেক রহমান নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (২৯ মে) দুপুরে সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্তটি সঠিক হলেও যেভাবে এই শিল্পকে স্থানান্তর করা হয়েছে, সেটি আ ক্লাসিক কেস অব মিস ম্যানেজমেন্ট ছিল।’
বর্জ্য শোধনাগারটির সক্ষমতা বৃদ্ধিতে সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিইটিপির সংস্কার ও উন্নয়নের প্রয়োজনীয়তা নিরূপণের জন্য ইতালির একটি কারিগরি বিশেষজ্ঞ দলকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। উচ্চমাত্রার বর্জ্য উৎপাদনকারী এই শিল্পকে এমন একটি নিয়ন্ত্রিত পরিবেশে নিয়ে আসা সময়ের দাবি ছিল, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হয়।এর পরও যারা নিজস্বভাবে ইটিপি স্থাপন করবে, তাদের টেকনিক্যাল সাপোর্টসহ, সরকারের পক্ষ থেকে প্রয়োজনবোধে আর্থিক ও পলিসি সাপোর্ট দেওয়া হবে।’
মন্ত্রী বলেন, ‘হাজারীবাগ থেকে স্থানান্তরের প্রক্রিয়ায় যেসব উদ্যোক্তা ব্যাবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছেন বা হারিয়ে গেছেন, তাদের পুনর্বাসন ও সহযোগিতার মাধ্যমে চামড়াশিল্পকে রক্ষায় বিএনপি সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে। এই চামড়াশিল্পকে পুনরুদ্ধার এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে তারেক রহমান নেতৃত্বাধীন বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’