খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

রাঙামাটি প্রতিনিধি : July 18, 2026

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে বাঁধের ১৬টি জলকপাট।

শনিবার (১৮ জুলাই) সকালে বাঁধের কপাটগুলো খুলে দেওয়া হয়েছে। এর ফলে কর্ণফুলীর বুকে প্রবল বেগে পানি আছড়ে পড়ছে।

কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের সূত্র জানায়, টানা বর্ষণ ও উজানের পানিতে কাপ্তাই হ্রদে পানি বেড়েছে। এ কারণে হ্রদের আশপাশের অনেক এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে পানি হ্রদের সর্বোচ্চ ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে। সেকারণে বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। যেখানে ১৬টি গেট দিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। 

হ্রদের পানি ছাড়ার খবরে স্বস্তি ফিরেছে মানুষের মনে। স্থানীয় বাসিন্দা মো. নাছের খান বলেন, ‘গত বছর আমার দোকানে পানি উঠে যাওয়ার পর পানি ছাড়া হয়। এ বছর তার আগেই পানি ছাড়ায় ক্ষতির মুখ থেকে রক্ষা পেলাম।’

কাপ্তাই নতুন বাজারের ব্যবসায়ী মো. আকরাম হোসেন বলেন, ‘বর্ষা মৌসুম এলেই চিন্তা বাড়ে। তবে এ বছর আগে ভাগে ছাড়ার কারণে চিন্তা মুক্ত হলাম। এতে স্থানীয় সবাই উপকৃত হয়েছেন।’ 

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, ‘গত এক সপ্তাহের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানি হ্রদের সর্বোচ্চ ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাছে। পাশাপাশি জেলা শহরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখে দিয়েছে। বাঁধের নিরাপত্তা ও মানুষের ক্ষয়ক্ষতি রোধে প্রতি বছরের মতো এবারও পানি ছাড়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল (মিন সি লেভেল)। এ বছর বন্যা ঠেকাতে ১০৫ এমএসএলেই খুলে দেওয়া হয় বাঁধের জলকপাট।’

Share This