‘চাচা-ভাইরপো’ বাহিনী গঠনের আগেই কোস্ট গার্ডের জালে ২ দস্যু

‘চাচা-ভাইরপো’ বাহিনী গঠনের আগেই কোস্ট গার্ডের জালে ২ দস্যু

নিজস্ব প্রতিবেদক : May 26, 2026

সুন্দরবনে নতুন ডাকাত দল গঠনের আগেই আত্মসমর্পণকৃত ‘ছোট সুমন বাহিনী’র দুই সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে ডাকাতির কাজে ব্যবহারের জন্য প্রস্তুত করা ‘চাচা-ভাইরপো’ নামের ৫০০টি কার্ডও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অষ্টম বারের মতো পরিচালিত “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এ আত্মসমর্পণে অনিচ্ছুক ‘ছোট সুমন বাহিনী’র দুই সদস্যকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ‘চাচা-ভাইরপো’ নামে নতুন একটি ডাকাত দল গঠন করে সুন্দরবনে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছিল ওই দুই সদস্য। তারা রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা বিশেষ অভিযান চালিয়ে মো. নাজমুল শেখ (৩৫) ও হানিফ শেখকে (৪২) আটক করে।

আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের যৌথ অভিযানে মোংলা থানাধীন সুন্দরবনের সেলা নদীর বটতলার খাল সংলগ্ন এলাকা থেকে ৩টি একনলা বন্দুক, ১টি পাইপ গান, ১টি খেলনা পিস্তল এবং ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক দুই দস্যুই বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র সঙ্গে জড়িত থেকে সুন্দরবন এলাকায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড। গত ১৭ মে ‘ছোট সুমন বাহিনী’ আত্মসমর্পণ করার পরও তারা নতুন নামে দল গঠন করে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছিল।

উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড আরও জানায়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ডাকাত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share This