ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে নির্বাচনি নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে এসব তথ্য জানায় বিজিবি।
এর আগে, রবিবার (২৫ অক্টোবর) থেকে নির্বাচনি এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীন ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবেন।
নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের পাশাপাশি কে-৯ ডগ ইউনিটের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা ও টহল।
বিজিবির সেক্টর কমান্ডার মো. সুরুজ মিয়া জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং ভোটাররা যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই তাদের প্রধান লক্ষ্য। সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং নির্বাচনি প্রচার-প্রচারণায় স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে, যাতে চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপার এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যায়।
বিজিবি আরও জানায়, সংবিধান, প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন সদস্যরা। নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে স্থানীয় জনগণ, রাজনৈতিক দল, প্রার্থী, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেছে বাহিনীটি।