মোংলা নদীতে ২৪ ঘণ্টা ফেরি চলাচল উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চলের হাজারো কর্মজীবী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ এবং নদী পারাপারে দুর্ঘটনার ঝুঁকি কমবে।
শনিবার সকালে স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাটে ফুলটাইম ফেরি সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হলেও এতদিন কেবল জোয়ারের সময় ফেরি চলত। ভাটার সময় ফেরি বন্ধ থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হতো। এখন থেকে দুটি ফেরি সার্বক্ষণিক চলাচল করবে।
তিনি বলেন, ফেরিঘাটে ভাড়ার তালিকা (চার্ট) দৃশ্যমানভাবে টানাতে হবে। ভাড়ার তালিকা না থাকলে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দেবেন না। সরকার সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায়।
পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, মানুষের প্রত্যাশা পূরণে আমরা রাজনীতি করতে চাই।