ফেনীতে বাস, কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

ফেনীতে বাস, কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

ফেনী প্রতিনিধি : September 04, 2026

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় লরি, যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে ছাগলনাইয়া থানার পুরাতন মুহুরীগঞ্জের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের মাঝখানে একটি কাভার্ডভ্যান (চট্ট মেট্রো-ট-১১-৪২৫৫) দাঁড়িয়ে ছিল। সেটি সরানোর জন্য একটি লরির (চট্ট মেট্রো-ঢ-৮১-৩৯৬১) সহায়তা নেওয়া হচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-২১৬১) দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসের চালক গুরুতর আহত হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। সর্বশেষ পাওয়া তথ্যে এ দুর্ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) পুলিশের উপপরিদর্শক মো. আবু নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share This