ফেনীর নির্বাচনি মাঠে থাকবেন সাড়ে ৫ হাজার আনসার

ফেনীর নির্বাচনি মাঠে থাকবেন সাড়ে ৫ হাজার আনসার

ফেনী প্রতিনিধি : February 09, 2026

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ফেনী জেলায় প্রস্তুত রয়েছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ হাজার ৫৬৪ জন সদস্য। তারা জেলার তিনটি সংসদীয় আসনের ৬ উপজেলার ৪২৮ ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে আনসার ও ভিডিপির নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহা. মাহবুবর রহমান।

জেলা কম্যান্ডান্ট মো. হেলাল উদ্দীনের সভাপতিত্বে এসময় লক্ষীপুর ১৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক শিরিন সুলতানা, ফুলগাজী উপজেলার আভি কর্মকর্তা আমির হোসেন, দাগনভুইয়া উপজেলার আভি কর্মকর্তা মিজানুর রহমান, সদর উপজেলার উপজেলা আভি কর্মকর্তা শামীম আরা, ছাগলনাইয়া উপজেলার উপজেলা আভি কর্মকর্তা প্রিভেল মাহমুদ, পরশুরাম উপজেলার উপজেলা আভি কর্মকর্তা আবুল বাসার, উপজেলা প্রশিক্ষক ওমর ফারুক, সাখাওয়াত হোসেন, প্রশিক্ষক রুবেল, প্রশিক্ষক আবু সাইদ মাতুব্বর, প্রশিক্ষিকা পারভীন, প্রশিক্ষিকা ইসমত আরা, উপজেলা প্রশিক্ষিকা রহিমা খাতুন সহ বাহিনীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রশিক্ষক উপস্থিত ছিলেন।

জেলা আনসার ও ভিডিপি সূত্রে জানা যায়, জেলার মোট ৪২৮টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার ৫শ ৬৪ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে মোট ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে ৩ জন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার  মোহা. মাহবুবর রহমান বলেন, ১৭ বছর পর দেশে নির্বাচন হচ্ছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন ইতিহাস তৈরি করবে। অতীতে এমন ইতিহাস হয়নি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটি উদাহরণ হবে। আমরা গত দেড় বছর ধরে প্রস্তুতি নিতে শুরু করেছি। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাছাই, প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অতীতে নির্বাচন প্রক্রিয়ায় এগুলোর অনুসরণ করা হতো না।

 

তিনি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে সব সদস্যকে অটল পাহাড়ের ন্যায় দৃঢ় অবস্থানে থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম, ব্যালট বক্স ছিনতাই, জাল ভোট কিংবা রাজনৈতিক প্রভাব ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।

রেঞ্জ কমান্ডার আরও বলেন, ১২ কোটি ভোটার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ভোট কেন্দ্রে এসে নির্ভয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারবেন। এর প্রথম দায়িত্ব আনসারদের। দায়িত্বে সচেতনতার উপর নির্ভর করছে নির্বিঘ্নে ভোট দেওয়া। জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের আাকাঙ্খার সূচনা হবে ১২ ফেব্রুয়ারি। এ নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে নতুন বাংলাদেশ বাধাগ্রস্ত হবে। সর্বোচ্চ চেষ্টা করে নতুন বাংলাদেশ তৈরির সংগ্রাম সফলের জন্য অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে।

আনসারের জেলা কম্যান্ডান্ট মো. হেলাল উদ্দীন জানান, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের আগে সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন, সমন্বয় ও বাহিনী প্রদত্ত নির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা নিশ্চিত করতেই এ প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপস্থিত সবাইকে নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, রাজনৈতিক নিরপেক্ষতা ও সততার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের চাপ বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে, বাহিনী প্রদত্ত নির্দেশনা অনুসরণ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

Share This