পাগলা মসজিদের ১৫ দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা

পাগলা মসজিদের ১৫ দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি : November 21, 2026

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। ৪ মাস ২৫ দিন পর শনিবার সকাল সা‌ড়ে ৭টা থেকে  দানবাক্স বা সিন্দুকগুলো খোলা হয়।

সিন্দুক থেকে বের করা টাকাগুলো বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়েছে। সেখানে এখন চলছে গণনার কাজ।  

 

পাগলা মসজিদের সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন স্থানীয় সংসদ সদস‌্য মোহাম্মদ মাজহারুল ইসলাম‌কে নি‌য়ে মসজিদের দানবাক্সগুলো খোলা ও গণনার কার্যক্রম শুরু ক‌রেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন অ‌তি‌রিক্ত পুলিশ সুপার শরীফুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

মসজিদের দোতলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াদিয়া শাবাব এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গণনার কাজ তদারকি করছেন।

এর আগে গত ২৭ জুন খোলা হয়েছিল মসজিদের দানবাক্সগুলো। তখন ১৩‌টি দানবা‌ক্সে পাওয়া যায় মসজিদের ইতিহাসে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে। এবার আরো দু‌টি দানবাক্স বাড়া‌নো হয়।

এবার দা‌নের টাকা আগের রেকর্ডকেও ছা‌ড়ি‌য়ে যেতে পা‌রে ব‌লে ধারণা করা হ‌চ্ছে। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে পাওয়া যায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে জমা রয়েছে ১৩৩ কোটিরও বে‌শি টাকা। 

প্রতিবারে দানবাক্সে নগদ টাকার পাশাপাশি বিদেশি মুদ্রা, সোনা-রুপার গয়না পাওয়া যায়। ছয় বছর জমিয়ে এসব সোনা-রূপা গত ১২ অক্টোবর জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওজন করা হয়।সেখানে পাওয়া যায় ১০৪৪ ভরি ( ১২ কেজি ১৭৪গ্রাম) সোনা ও ১০৮৮ ভরি (১২ কেজি ৬৯০গ্রাম) রুপা। একই সঙ্গে দানবাক্সে পাওয়া বিদেশি মুদ্রাও গণনা করা হয়। জেলা প্রাশসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণের পর টেন্ডারের মাধ্যমে অলংকারগুলো বিক্রি করা হবে। আর বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে। 

 

মসজিদের দোতলায় গিয়ে দেখা যায়, বস্তাগুলো খুলে গণনাকারীদের সামনে ঢেলে দেওয়া হচ্ছে টাকা। আর সেগুলো ভাজ করে বান্ডিল তৈরি করছে তারা। একই সঙ্গে বান্ডিলগুলো ব্যাংক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। ব্যাংকের কর্মীরা হাতে ও মেশিনের সাহায্যে টাকাগুলো গণনা করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছেন। গণনার কাজে অংশ নিয়েছেন ৬ শতাধিক লোক। তাদের মধ্যে রয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০জন কর্মকর্তা-কর্মচারী, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসা ও পাগলা মসজিদের এতিমখানার সাড়ে তিন শ শিক্ষার্থী, মসজিদের কর্মকর্তা-কর্মচারী সদস্য এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিছি জানান, এবারও নগদ অর্থের পাশাপাশি বিদেশি মুদ্রা এবং সোনা-রুপার অলংকার পাওয়া গেছে। টাকাগুলো গণনা শেষ করতে সন্ধ্যা কিংবা রাত হয়ে যেতে পারে।

দানবাক্স খোলা ও টাকা গণনার পুরো কার্যক্রম ঘিরে মসজিদ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, এসআরবি (র‌্যাব) ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। 

এ বিষয়ে অতি‌রিক্ত পুলিশ সুপার শরীফুল হক বলেন, দানবাক্স বা সিন্দুক খোলা থেকে শুরু করে টাকা গণনা এবং ব্যাংকে জমা দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শুধু গণনার দিন নয়, সারা বছর মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদে দেশের বিভিন্ন জেলা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ নিয়মিত দান করতে আসে। নগদ অর্থের পাশাপাশি গবাদি পশু, হাঁস-মুরগিসহ নানা ধরনের জিনিসও এখানে দান করা হয়। এগুলো প্রতিদিনই নিলামে বিক্রি হয়ে থাকে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, মসজিদের আয় থেকে প্রয়োজনীয় ব্যয় মিটিয়ে বাকি অর্থ ব্যাংকে জমা রাখা হচ্ছে। বর্তমানে ১৩৩ কোটিরও বেশি টাকা ব্যাংকে জমা রয়েছে। তিনি আরও জানান, ব্যাংকে জমা রাখা পাগলা মসজিদের  টাকার লভ্যাংশ থেকে গরিব ও অসহায় লোকদের অনুদান ও জটিল রোগে আক্রান্ত লোকদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও এ অর্থ ব্যয় করা হয়ে থাকে।

জেলা প্রশাসক বলেন, ব্যাংকে জামানো টাকা দিয়ে একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। প্রকল্পের জন্য ইতোমধ্যে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। চূড়ান্ত নকশা হাতে পেলে দরপত্র আহ্বান করা হবে। এরপর শুরু হবে নির্মাণকাজ।

জানা গেছে, পাগলা মসজিদকে কেন্দ্র করে প্রায় ১০ তলাবিশিষ্ট একটি বৃহৎ ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ভবনে একসঙ্গে ৪০ থেকে ৫০ হাজার মুসল্লির নামাজ  পড়েতে পারবে। পাশাপাশি নারী মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান, এতিমদের শিক্ষাব্যবস্থা, মাদরাসা লাইব্রেরি, ক্যাফেটেরিয়া ও আইটি সেকশনসহ নানা আধুনিক সুবিধা থাকবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে এ প্রকল্প।

Share This