টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার একযোগে পদত্যাগ

টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার একযোগে পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি : November 25, 2026

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতা একযোগে পদত্যাগ করেছেন। দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষের কথা জানিয়ে তারা নিজ নিজ পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

 

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে বোরহানের দোকানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

 

পদত্যাগকারীরা হলেন—পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য মো. আফজাল শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মোহাম্মদ জামাল মোল্লা।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘদিন ধরে তারা পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তুষ্ট হওয়ায় স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নিজ নিজ পদ ছাড়াও দলের প্রাথমিক সদস্যপদ থেকেও তারা পদত্যাগ করেছেন।

 

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ভবিষ্যতে বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তারা আর সম্পৃক্ত থাকবেন না। তাদের এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কারও চাপ, প্ররোচনা বা প্রভাব ছিল না বলেও দাবি করেন তারা।

 

একই ইউনিয়ন বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

Share This