হামের উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি

হামের উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক : August 26, 2026

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৫১ শিশু। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৯৫০ শিশু মারা গেছে।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৭৩ শিশু। এই সময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৯৮। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৫৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭৩৬, আর নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ৬৫১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Share This