ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরী নদী থেকে নিখোঁজ এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার শ্রীচন্দ্রপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তরুণের নাম সাকিবুল ইসলাম (২৩)। তিনি চট্টগ্রামের বাসিন্দা এবং মো. আলী হোসেনের ছেলে।
জানা গেছে, সাকিবুল ইসলাম পরশুরামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার দুপুর দেড়টার দিকে তিনি তার নানি ও আরেক আত্মীয়ের সঙ্গে জঙ্গলঘোনা এলাকায় মুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় প্রবল স্রোতের টানে তিনি নদীতে ভেসে যান।
ঘটনার পর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
পরশুরাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পাঁচ ঘণ্টা তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পাননি। পরে সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল দ্বিতীয় দফায় আরও তিন ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করলেও সাকিবুলের কোনো সন্ধান মেলেনি।
তিনি আরও জানান, রবিবার সকালে নিখোঁজ হওয়ার প্রায় ৯ কিলোমিটার দূরে শ্রীচন্দ্রপুর এলাকার মুহুরী নদীতে স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখতে পান।
ফুলগাজী থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।