ফেনীর সোনাগাজীতে দুর্নীতি দমন কমিশন দুদকের সদস্যরা অভিযান চালিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) মো. আল সাঈদ এবং তার অফিসের কার্যসহকারী আবু নাছেরকে নগদ এক লাখ টাকার ঘুস সহ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে তার কার্যালয়ে দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ফারুক আহমদের নেতৃত্বে এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
দুদক সূত্র জানায়, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের নুরুজ্জামানের ছেলে হুমায়ুন কবির সাবকন্ট্রাকে চুক্তিপত্রের মাধ্যমে সোনাগাজী উপজেলার ৫টি ব্রিজ কালভার্টের কাজ সম্পাদন করেন। কাজ শেষ করে পিআইও অফিসে বিল চাইলে পিআইও তার কাছে ১২ লাখ টাকা ঘুস দাবি করেন। প্রথম কিস্তিতে তিনি তাকে পাঁচ লাখ টাকা প্রদান করেন। পরে দ্বিতীয় কিস্তির টাকার জন্য চাপ দিলে তিনি দুদুকের সরানাপন্ন হন। বৃহস্পতিবার হুমায়ুন কবির কার্যসহকারী আবু নাছেরের মাধ্যমে এক লাখ টাকার ঘুস প্রদান করে ফাঁদ পাতেন। আবু নাছের তার পরণে জিন্সের প্যান্টের পকেটে নিয়ে ওই টাকা পিআইও কে প্রদান করেন। এসময় দুদকের সদস্যরা অভিযান চালিয়ে নগদ এক লাখ টাকা সহ দুই কর্মকর্তাকে গ্রেফতার করেন। এ ঘটনায় দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত পিআইও ঢাকা কেরানীগঞ্জের সাকতা গ্রামের আবদুর রব এবং কার্যসহকারি আবু নাছের ফেনী জেলার দাগনভূঞা উপজেলার মমারিজপুর গ্রামের হাহী বাড়ির আবুল হাসেমের ছেলে।
দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুদকের সদস্যরা অভিযানের বিষয়ে অবগত করেছেন।