রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান থেকে দুইটি ককটেলসহ এক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা উদ্যানের সোলনা কনভেনশন হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন- মো. আব্দুর রহমান (৪৫)। তিনি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার ৯নং দেউলিয়া ইউনিয়ন মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করি। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ককটেল পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ভোলা জেলার বোরহান উদ্দিনের একটি ইউনিয়নের বর্তমান মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।