ফেনীতে আদালতের নির্দেশে পাল্টাপাল্টি মামলায় স্বামী-স্ত্রী কারাগারে। একে অপরের বিরুদ্ধে করা পৃথক মামলা করায় এ ধরনের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এ আদেশ দেন।
জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। অভিযোগ অনুযায়ী, বিয়ের দুই মাস পর নাসিমা আক্তার পূর্বপরিচিত এক ব্যক্তির সহযোগিতায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে চলে যান। এ ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে নাসিমা আক্তারের বিরুদ্ধে আদালতে চুরির মামলা করেন।
অন্যদিকে নাসিমা আক্তার তার স্বামী মো. সুমন এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের মামলা করেন।
স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামী মো. সুমন এবং স্বামীর পরিবারের পক্ষ থেকে করা চুরির মামলায় স্ত্রী নাসিমা আক্তারকে কারাগারে পাঠানো হয়।