কক্সবাজার পুলিশের সাফল্য: উদ্ধার হলো আইফোনসহ ৫০ মোবাইল

কক্সবাজার পুলিশের সাফল্য: উদ্ধার হলো আইফোনসহ ৫০ মোবাইল

কক্সবাজার প্রতিনিধি : June 04, 2026

কক্সবাজার জেলা পুলিশ সুপার এসপি এএনএম সাজেদুর রহমানের উদ্যোগে হারিয়ে যাওয়া আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোবাইল ফিরে পাওয়া ভুক্তভোগীদের মধ্যে ব্যাপক আনন্দ ও স্বস্তি দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার এসপি এএনএম সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল এবং আইসিটি শাখা নিবিড় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। দীর্ঘ প্রচেষ্টা ও প্রযুক্তির সহায়তায় আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫০টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, একসঙ্গে এত সংখ্যক হারানো মোবাইল ফোন উদ্ধার ও মালিকদের কাছে হস্তান্তরের ঘটনা কক্সবাজারের ইতিহাসে অন্যতম বড় সফলতা হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোবাইলের মালিকরা বলেন, হারানো ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু জেলা পুলিশের আন্তরিকতা, দক্ষতা ও নিরলস প্রচেষ্টার ফলে তারা আবারও তাদের মূল্যবান ফোন ফিরে পেয়েছেন।

এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশ জানায়, নাগরিকদের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে এ ধরনের অভিযান ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের আস্থা ও সন্তুষ্টিই পুলিশের কাজের প্রধান অনুপ্রেরণা বলে জানিয়েছে জেলা পুলিশ।

Share This