দিল্লিতে এসআইআর বিরোধী বিক্ষোভ, আটক ১০০

দিল্লিতে এসআইআর বিরোধী বিক্ষোভ, আটক ১০০

আন্তজার্তিক ডেস্ক : October 24, 2026

ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির কেন্দ্রীয় অঞ্চলে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শতধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) ছাত্র, কৃষক ও বিভিন্ন নাগরিক সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার কারণে ভোটার তালিকা থেকে ভোটারদের অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে-এই অভিযোগ তুলে জাতীয় পতাকা হাতে ও স্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরা নির্বাচন কমিশন সদর দপ্তরের দিকে এগিয়ে যান।

দিল্লি কোঅর্ডিনেশন কমিটি অব পিপল এগেইনস্ট এসআইআর-এর আয়োজনে গোল ডাক খানা এলাকা থেকে দুপুর ১টার দিকে এই মার্চ শুরু হয়ে অশোক রোডের দিকে অগ্রসর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির বিভিন্ন স্থানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

দুপুর ২টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ হয়ে যাওয়ার নির্দেশ দেয়। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও বিক্ষোভকারীরা নির্বাচন কমিশন সদর দপ্তরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ শতাধিক ব্যক্তিকে আটক করে। পুলিশ সূত্র জানায়, এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছিল।

দিল্লি, হরিয়ানা ও উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চল থেকে আসা বিক্ষোভকারীরা ‘জ্ঞানেশ কুমার পদত্যাগ করো’, ‘এসআইআর বন্ধ কর’ এবং ‘ভোট চুরি মানব না’ স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন।

বিক্ষোভকারীদের দাবি, এই সংশোধন প্রক্রিয়া নির্বাচনী প্রক্রিয়ার পবিত্রতা এবং নাগরিকদের ভোট দেওয়ার অধিকারের জন্য হুমকিস্বরূপ। আন্দোলনকারীরা ভোটার তালিকা ২০২৪ সালের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া এবং সিএজির নির্দেশিকা অনুযায়ী সোশ্যাল অডিটের মাধ্যমে তা আপডেট করার দাবি জানিয়েছেন।

আয়োজকরা জানান, শুধু দিল্লিতেই নয়, আগামী ১ নভেম্বর পর্যন্ত দেশের ১৮টি রাজ্যের ৮৮টি শহরে এ ধরনের বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। বিক্ষোভের জেরে কনট প্লেস, সংসদ মার্গ ও জনপথ সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

Share This