বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২৫ ও ২৬ নভেম্বর খুলনার জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সম্মেলনে আর্মি সার্ভিস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বক্তব্যে সেনাবাহিনী প্রধান বর্তমান বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলা করে শান্তিকালীন সময়ে সরবরাহ কার্যক্রম সচল রাখা এবং ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চাহিদা বিবেচনায় আর্মি সার্ভিস কোরের আধুনিকায়ন, সক্ষমতা ও আভিযানিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আধুনিক ও দক্ষ সেনাবাহিনী গঠনে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান জানান।
সম্মেলন উপলক্ষে সেনাবাহিনী প্রধান জাহানাবাদে সর্বসাধারণের জন্য উন্মুক্ত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতাল এবং মিলিটারি ড্রাইভিং স্কুল উদ্বোধন করেন। এ ছাড়া বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় সেনাবাহিনী প্রধান আশা প্রকাশ করেন, নবনির্মিত হাসপাতালটি সাধারণ মানুষের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিলিটারি ড্রাইভিং স্কুল দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরির পাশাপাশি নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলা এবং সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আমন্ত্রিত সামরিক ও বেসামরিক অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।