অলিম্পিকের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

অলিম্পিকের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

নিজস্ব প্রতিবেদক : June 27, 2026

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশে উদযাপিত হয়েছে ‘অলিম্পিক ডে-২০২৬’। 

শনিবার (২৭ জুন) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় রাজধানী ঢাকায় আয়োজন করা হয় একটি বর্ণাঢ্য র‍্যালি।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। 

এসময় তিনি তাঁর বক্তব্যে অলিম্পিকের মূল মূল্যবোধ—Excellence, Friendship এবং Respect—সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ, সক্রিয় ও ইতিবাচক জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান।

এবারের অলিম্পিক ডে’র প্রতিপাদ্য ছিল “You Can Do This, Let’s Move”। এর মূল লক্ষ্য ছিল ক্রীড়াবিদ ও সাধারণ মানুষের মধ্যে শরীরচর্চা এবং ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ বাড়ানো।

রাজধানীর কেন্দ্রীয় র‍্যালিটি সকাল ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোড হয়ে স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়। র‍্যালি শেষে আয়োজন করা হয় আকর্ষণীয় ক্রীড়া প্রদর্শনী। পরে সেনাবাহিনী প্রধান অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

শুধু ঢাকাতেই নয়, অলিম্পিক ডে উপলক্ষে দেশের আরও সাতটি বিভাগীয় শহরে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, অলিম্পিয়ান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা ছাড়াও সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও গণমাধ্যমকর্মীসহ ১ হাজার ৫০০-এর বেশি মানুষ অংশগ্রহণ করেন।

Share This