মালয়েশিয়া সিন্ডিকেটপ্রধান স্বপনের ৫০০ কোটির সম্পদ ক্রোক!

মালয়েশিয়া সিন্ডিকেটপ্রধান স্বপনের ৫০০ কোটির সম্পদ ক্রোক!

নিজস্ব প্রতিবেদক : November 22, 2026

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপন ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির পক্ষ থেকে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

সিআইডির একজন বিশেষ পুলিশ সুপার জানান, মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর নামে সিন্ডিকেট করে প্রায় ৮ হাজার কোটি টাকা আদায়ের পর তা আত্মসাৎ করে বিপুল সম্পদের মালিক হয়েছেন রুহুল আমিন স্বপন। এসব অর্থ দিয়ে তিনি বাড়ি ও জমি কিনেছেন। তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগও রয়েছে।

তিনি জানান, স্বপনের জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনালের নামে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরা এলাকায় সাতটি দলিলে মোট ২৩১ কাঠা জমি রয়েছে। এসব জমির দলিলমূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা। জমিগুলোর ওপর প্রতিষ্ঠিত ক্যাথারসিস ইন্টারন্যাশনালের স্থাপনাসহ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তির মোট মূল্য প্রায় ৫০০ কোটি টাকা।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ আদালত এসব সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

সিআইডির ওই কর্মকর্তা আরও জানান, সিন্ডিকেটের অন্য সদস্যদের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে। এ ঘটনায় মানি লন্ডারিং আইনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share This