ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্তজুড়ে কঠোর নজরদারিতে আছে বিজিবি।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাহিনীটির করণীয় নিয়ে ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্করস্থ ৪ বিজিবির সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন।
তিনি বলেন, কুমিল্লা সেক্টর সদর দপ্তরের অধীনে সব ব্যাটালিয়ন সীমান্তজুড়ে অবৈধ অস্ত্র, চোরাচালান রোধসহ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি।
বিজিবি কুমিল্লা সেক্টরের অধীন ব্যাটালিয়ন সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় ৬টি জেলার (ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী) ৫৩টি উপজেলায় ৩৪টি সংসদীয় আসনের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে ফেনী জেলার সীমান্তবর্তী ৩টি উপজেলায় সেনাবাহিনী ব্যতীত এককভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া, সীমান্তবর্তী ৯টি উপজেলাসহ আরও ৪১ উপজেলায় সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিতভাবে 'মোবাইল স্ট্রাইকিং ফোর্স' হিসেবে নির্বাচনি দায়িত্ব পালন করবে বিজিবি।
একইসঙ্গে সীমান্ত সুরক্ষা নিশ্চিতে কুমিল্লা সেক্টরের মধ্যে ৩২৭ কিলোমিটার এলাকাজুড়ে অস্ত্র-গোলাবারুদ, মাদকদ্রব্যসহ চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান অব্যাহত আছে বলেও জানান বিজিবির সিইও লে. কর্নেল মোশারফ হোসেন।
এসময় ৪ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।