ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ৭ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক টহল ও কৌশলগত অবস্থানের কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ জুলাই) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্র জানায়, ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহলদল ৭ জন ব্যক্তিকে—যাদের মধ্যে ৬ জন নারী ও ১ জন ছেলে শিশু রয়েছে—বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি বিজিবির টহল দলের নজরে এলে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগত অবস্থান গ্রহণ করেন এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, সীমান্ত এলাকায় কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর উদ্দেশ্যে জড়ো হওয়ার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত বিজিবিকে অবহিত করেন। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তা সফলভাবে প্রতিহত করেন।
তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন কিংবা যেকোনো ধরনের সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।