প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতায় বাংলাদেশ-চীনের জোর

প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতায় বাংলাদেশ-চীনের জোর

নিজস্ব প্রতিবেদক : July 09, 2026

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

 

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে উভয় পক্ষ বিদ্যমান সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

 

বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জন এবং প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের বিষয় গুরুত্ব পায়। এছাড়া, প্রচলিত সামরিক সহযোগিতার পাশাপাশি সাইবার নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগ গ্রহণের ওপরও জোর দেওয়া হয়।

 

আলোচনায় বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

 

প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে চীনের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন। জবাবে রাষ্ট্রদূত Yao Wen বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে ভবিষ্যতেও এ সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

Share This