সাতক্ষীরা সদর উপজেলার তালতলা এলাকা থেকে কোহিনুর বেগম (৩৪) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালতলা এলাকার একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত কোহিনুর বেগম সাতক্ষীরা সদরের খেলার ডাংগী এলাকার মনসুর আলীর মেয়ে। তিনি তালতলা এলাকায় অবস্থিত বিসমিল্লাহ ফুড বেকারিতে কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে ও বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানের কর্মচারী তালতলা গ্রামের এরফান আলীর ছেলে ভ্যানচালক শরিফুল ইসলাম বালু পরিবহনের জন্য ভ্যানে বালু লোড করছিলেন। একপর্যায়ে তিনি মুকুলের রড-সিমেন্টের দোকানের পেছনে গেলে পাশের বিলের পানিতে এক নারীর লাশ ভাসতে দেখেন।
বিষয়টি তিনি বালু ব্যবসায়ী আলমগীর হোসেনকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে কালো বোরকা পরিহিত অবস্থায় নারীর লাশ পানিতে ভাসতে দেখেন। পরে তিনি সদর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রথমে লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাশের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে নিহতের ভাই ও প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে মরদেহটি কোহিনুর বেগমের বলে শনাক্ত করেন।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কী কারণে ওই নারীর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।