ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হওয়া নুর আলম মাসুদ নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাসুদ জেলার সোনাগাজী পৌর শহরের 'সততা অয়েল মিলস' নামক প্রতিষ্ঠানের মালিক ও উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের ওমর খাঁন পাঠান বাড়ির আব্দুল খালেকের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সততা অয়েল মিলস' প্রতিষ্ঠানে বিকল্প উপায়ে ইউটিউব দেখে অকটেন তৈরি করার চেষ্টা করেন।
এসময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন প্রতিষ্ঠানটির মালিক নুর আলম মাসুদ এবং তার সহকর্মী মো. ওমর ফারুক।
নিহতের ভাই মোর্শেদ জানান, ঘটনার দিন তার ভাই নতুন একটি পদ্ধতিতে অকটেন তৈরির কাজ করছিলেন। তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাইপ বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ বাড়িতে আনা হবে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।