বাংলাদেশ বিমান বাহিনীর ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বগুড়ার এরুলিয়া এয়ারফিল্ডে অবস্থিত বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি। তিনি কোর্স সফলভাবে সম্পন্ন করা ১৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার হাতে সনদপত্র তুলে দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নবসনদপ্রাপ্ত কর্মকর্তারা আজ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল ফ্লাইং ইন্সট্রাক্টর পরিবারের সদস্য হিসেবে নতুন দায়িত্বে যুক্ত হলেন। তাঁদের জ্ঞান, দক্ষতা, পেশাদারিত্ব ও অভিজ্ঞতা ভবিষ্যৎ বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় গড়ে উঠবে দক্ষ, আত্মবিশ্বাসী ও পেশাদার বৈমানিক, যারা দেশের আকাশসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে জানানো হয়, ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সে স্কোয়াড্রন লিডার মির্জা মো. জুবাইর হোসেন, জিডি (পি), সার্বিকভাবে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়ে বহুল কাঙ্ক্ষিত ‘মফিজ ট্রফি’ অর্জন করেন।
অনুষ্ঠানে ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ সাইফুল ইসলাম, পিএসসি, প্রতিষ্ঠানে পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
এ সময় বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।