কুলাউড়ায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

কুলাউড়ায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি : August 16, 2026

মৌলভীবাজারের কুলাউড়া থেকে সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে কুলাউড়া উপজেলার তাতাউরা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কুলাউড়া উপজেলার তাতাউরা এলাকায় তার বাড়ির পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেন জান্নাতুল ফেরদৌস। এ সময় শহিদ মিনারে বঙ্গবন্ধুর ছবি রেখে ফুল দেন তিনি। পরে ওই কর্মসূচির ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।

এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্র জানায়, এর আগের দিন শুক্রবার রাতেও জান্নাতুল ফেরদৌস তার ফেসবুক আইডিতে মোমবাতি প্রজ্বালনের ছবি প্রকাশ করেন।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Share This