‎সিটি গার্লস হাই স্কুলে মাদকবিরোধী আলোচনা সভা

‎সিটি গার্লস হাই স্কুলে মাদকবিরোধী আলোচনা সভা

ফেনী প্রতিনিধি : April 29, 2026

ফেনী সিটি গার্লস হাই স্কুলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলার আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৯ এপ্রিল) স্কুলের মিলনায়তন কক্ষে প্রধান শিক্ষক এম. মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ।

‎স্কুলের শিক্ষক নুরুল আবছার লিটুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলার প্রসিকিউটর নূর মোহাম্মদ, দৈনিক অজেয় বাংলার সহ-সম্পাদক শেখ আশিকুন্নবী সজীব। 

‎এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধা সবার রয়েছে কিন্তু তা কাজে লাগাতে হবে। পরিশ্রম করতে হবে। সেই সাথে অসৎ পথ পরিহার করতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক একটা পরিবার শেষ করে দেয়। মাদক মুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

‎বক্তারা আরও বলেন, ফেনী জেলা ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মাদকের ঝুঁকি বেশি। পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া উপজেলার অনেক পয়েন্ট দিয়ে চোরাইপথে মাদক আসে।

‎প্রধান মাদকদ্রব্য ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হেরোইন ইত্যাদি মিয়ানমার-ভারত রুট হয়ে ফেনী দিয়ে দেশের অন্য জায়গায় যায়। ফেনী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝে পড়ায় পাচারকারীরা এটাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে।

‎ডিএনসি সহ বিজিবি, র‍্যাব ও পুলিশ নিয়মিত অভিযান চালায়। সীমান্তে টহল বাড়ানো হয়েছে, আর মাদকবিরোধী সচেতনতা প্রোগ্রামও চলে বিভিন্ন স্কুল-কলেজে।

‎এতে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও সংগঠক নজরুল ইসলাম সোহাগ, আশরাফ হোসেন চৌধুরী শিবলু,রিশাত হোসেন,তাবাসসুম ফারুক মানার,স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ ডিএনসি ফেনী ইউনিটের সদস্যবৃন্দ।

শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 

‎অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী খাতা উপহার দেয়া হয়।

Share This