বাগেরহাটের মোংলায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা ইস্যুকৃত অস্ত্রের গুলিতে এম সালেহ আহমেদ (৪২) নামে এক কোস্টগার্ড কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে মোংলার কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে এ ঘটনা ঘটে।
সালেহ আহমেদ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের ঢুলিগাতী গ্রামের বাসিন্দা।
নৌবাহিনীর এই পেটি অফিসার প্রেষণে কোস্টগার্ডে নিযুক্ত ছিলেন। তিনি নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গুলির শব্দ শুনে আশপাশে থাকা কোস্টগার্ড সদস্যরা গার্ড রুমে ছুটে গিয়ে বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে দেখতে পায়। পরে তারা দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনা উপশম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাগেরহাটের মোংলা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মোংলা থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে নিহতের পরিবার বা বাহিনীর পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।