সাতক্ষীরা সদর উপজেলায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে আয়োজিত ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলা হলরুমে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, ওসিসি কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, সমবায় কর্মকর্তা মুর্শিদ হাসান তালুকদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সানজিদা খাতুন এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপক শাহিনুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় বিভিন্ন পেশার ৩০ জন অংশগ্রহণকারীকে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, যোগাযোগ কৌশল, নেতৃত্বগুণ, আর্থিক ব্যবস্থাপনা, আত্মকর্মসংস্থান এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ৩০ জন অংশগ্রহণকারীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।