সাতক্ষীরার শ্যামনগরে একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের কোডিনযুক্ত মাদক সিরাপ, ভারতীয় ওষুধ ও বিড়ি জব্দ করেছে র্যাব-৬। এ সময় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তি মো. আব্দুল মজিদ শেখ (৩৬)। র্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
র্যাব জানায়, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত ছোট কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এ সময় ১ হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত সিরাপ (উইনসিরেক্স, এসকাফ ও ফেয়ারডিল), ১ হাজার ৫০০ পাতা ভারতীয় এল-হিস্ট মন্ট, ৬০ পাতা আলফা-কেটোজক্স ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক ও অন্যান্য পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৮৩ হাজার টাকা।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, এ ঘটনায় জব্দ করা আলামতসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।