ডিসির বক্তব্য ঘিরে সাতক্ষীরায় বিতর্ক ও বিক্ষোভ

ডিসির বক্তব্য ঘিরে সাতক্ষীরায় বিতর্ক ও বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি : June 24, 2026

সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের একটি বক্তব্যের অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে জেলায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসকের দাবি, তার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে এ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ওলামা মাশায়েখ পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা।

মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা প্রশাসকের বক্তব্যের একটি অংশ ছড়িয়ে পড়ে। সেখানে তাকে ‘সাতক্ষীরায় ধর্মান্ধতা চলে এসেছে’— এমন মন্তব্য করতে দেখা যায়। পরে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পোস্ট দেন।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত বিভিন্ন ক্লাব ও সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। এ সময় জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ (পলাশ), সদস্যসচিব আবু জাহিদ ডাবলুসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, তিনি বিভিন্ন জায়গায় খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার কথা বলে আসছেন। প্রত্যন্ত এলাকাতেও এসব কার্যক্রম ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি ক্রীড়া সংগঠকদের খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, “অনেকেই বলে সাতক্ষীরায় যে ধর্মান্ধতা চলে এসেছে, তাহলে সেটা আর বলবে না।”

এ ঘটনায় বুধবার বিকেলে জেলা বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, জেলা প্রশাসকের বক্তব্যকে কেন্দ্র করে কিছু অনলাইন মাধ্যমে বিভ্রান্তিকর ও নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, যা দুঃখজনক। তিনি ‘ধর্মান্ধ’ শব্দটি কোনো ব্যক্তি, সম্প্রদায় বা গোষ্ঠীকে হেয় করার উদ্দেশ্যে ব্যবহার করেননি; বরং খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রসারের গুরুত্ব তুলে ধরতেই এ মন্তব্য করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বক্তব্যের আংশিক ও বিকৃত উপস্থাপনার মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কোনো বক্তব্যকে প্রকৃত প্রেক্ষাপট বিবেচনা না করে ভিন্নভাবে প্রচার করা দায়িত্বশীলতার পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।

অন্যদিকে বুধবার বিকেলে শহরের নিউমার্কেট মোড়ে জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে ওলামা মাশায়েখ পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা, মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসকের বক্তব্য সাতক্ষীরার ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে এবং জেলার মানুষের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

এ বিষয়ে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একজন অসাম্প্রদায়িক কবি এবং তাকে স্মরণ করে এ বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা করা হয়েছে। সরকারের প্রতিনিধি হিসেবে জেলা ক্রীড়া সংস্থা ও শিল্পকলা একাডেমিকে সঙ্গে নিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সরকার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিচ্ছে এবং সেই লক্ষ্যেই কাজ চলছে।

তিনি আরও বলেন, “আমার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। পুরো বক্তব্য দেখলে বিষয়টি স্পষ্ট হবে।”

সম্ভাব্য শিরোনাম: “জেলা প্রশাসকের বক্তব্য ঘিরে সাতক্ষীরায় বিতর্ক, বিক্ষোভ সমাবেশ”

Share This