কক্সবাজার জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখার তৎপরতায় আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের হারিয়ে যাওয়া মোট ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
জেলা পুলিশ জানায়, পর্যটন নগরী কক্সবাজারে বিভিন্ন সময়ে নাগরিকদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে করা সাধারণ ডায়েরি (জিডি) এবং অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখা প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
দীর্ঘদিন পর নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা পুলিশের এমন জনবান্ধব উদ্যোগের প্রশংসা করেন।
কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, নাগরিকদের হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধারে প্রযুক্তিনির্ভর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশের ভাষায়, "আপনাদের সন্তুষ্টিই আমাদের প্রেরণা।"