চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় প্রায় ২২ হাজার ৫০০ কেজি ডিএপি (DAP) সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারচক্রের ২৩ সদস্যকে আটক করা হয়েছে। জব্দ করা সারের বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা।
শনিবার (১ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানার বহিঃনোঙ্গর এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জন পাচারকারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সারবোঝাই একটি কার্গো বোট কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে।
এর ভিত্তিতে একই দিন সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম পতেঙ্গা ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি সার এবং পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত সার, কার্গো বোট এবং আটক ২৩ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।