সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান

সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান

নিজস্ব প্রতিবেদক : June 02, 2026

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োজিত হয়েছেন ডিআইজি আলি আকবর খান। 

সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়া আলি আকবর খান ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের এই কর্মকর্তা তার দীর্ঘ কর্মজীবনে রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ইতালিতে অনুষ্ঠিত ‘প্রোমোটিং রেগুলার অ্যান্ড লিগ্যাল মাইগ্রেশন, প্রিভেন্টিং হিউম্যান ট্রাফিকিং, ডিসকারেজিং ইরেগুলার মাইগ্রেশন অ্যান্ড রিপ্যাট্রিয়েটিং ইরেগুলার মাইগ্র‍্যান্টস’ এবং মালদ্বীপে অনুষ্ঠিত ‘ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড স্মাগলিং অব মাগ্রেন্টস (টি আইপি/এসওএম) ডেটা কালেক্টিং ফর সাউথ এশিয়া’ শীর্ষক কর্মশালা উল্লেখযোগ্য।

এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তিনি পেশাগত জ্ঞান ও দক্ষতা সমৃদ্ধ করেছেন। ডিআইজি আলি আকবর খান সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের গুরুদায়িত্ব গ্রহণ করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিআইডি পরিবার।

তার নেতৃত্বে সিআইডির চলমান কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী হয়ে উঠবে বলে প্রত্যাশা সব সদস্যের।

Share This