রাজধানীতে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএমপি কমিশনারের

রাজধানীতে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক : May 20, 2026

রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

 

বুধবার (২০ মে) রাজধানীতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম সংবাদ সম্মেলন।

 

ডিএমপি কমিশনার বলেন, একটি নিরাপদ, অপরাধমুক্ত ও শান্তিময় রাজধানী গড়ে তুলতে ডিএমপি নিরলসভাবে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

 

তিনি বলেন, প্রায় তিন কোটি মানুষের এই মহানগরে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও হ্যাকিং বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে গত ১ মে থেকে বিশেষ অভিযান পরিচালনা করছে ডিএমপি।

 

সাইবার অপরাধ দমনে ডিএমপির সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে জানিয়ে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ডিবি কার্যালয়ে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব সম্প্রতি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে। এটি সাইবার সুরক্ষা আইনের মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

রাজধানীর যানজট নিরসনে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগের কথাও তুলে ধরেন ডিএমপি কমিশনার। তিনি জানান, গুরুত্বপূর্ণ সড়কে এআইভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে ই-প্রসিকিউশন কার্যক্রম চালু করা হয়েছে।

 

এ ছাড়া নাগরিক সেবাকে সহজ করতে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা চালু করা হয়েছে। পাশাপাশি ‘হ্যালো ডিএমপি’ এবং হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেমও চালু রয়েছে বলে জানান তিনি।

 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, পশুর হাট, ঈদের জামাত, শপিং মল ও আবাসিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। একই সঙ্গে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

 

বড় অঙ্কের অর্থ লেনদেনে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী ও জাল নোট চক্র ঠেকাতে ডিবি ও থানা পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

 

ডিএমপি কমিশনার বলেন, ঢাকার নিরাপত্তা নিশ্চিত করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি নাগরিকদের যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানাতে এবং প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার আহ্বান জানান।

 

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজও তুলে ধরতে হবে, যাতে নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়।

Share This