জনআস্থা বাড়াতে তথ্যপ্রবাহ জোরদারের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

জনআস্থা বাড়াতে তথ্যপ্রবাহ জোরদারের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক : May 14, 2026

সশস্ত্র বাহিনীর বহুমাত্রিক কার্যক্রম জনগণের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরতে সঠিক তথ্যপ্রবাহ, গবেষণাভিত্তিক যোগাযোগ ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসপি, জি।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা সেনানিবাসস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

আইএসপিআর কার্যালয়ে পৌঁছালে পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী, এএফডব্লিউসি, পিএসসি প্রতিরক্ষা উপদেষ্টাকে স্বাগত জানান। পরে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে আইএসপিআর পরিচালক পরিদপ্তরের সার্বিক কার্যক্রম, গণমাধ্যম সমন্বয়, সংবাদ পরিবেশন প্রক্রিয়া, গবেষণা ও প্রকাশনা কার্যক্রম, তথ্য সংরক্ষণ ব্যবস্থা এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম জনগণের কাছে তুলে ধরার চলমান উদ্যোগ সম্পর্কে প্রতিরক্ষা উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি আইএসপিআরের বিদ্যমান সক্ষমতা, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরা হয়।

এরপর প্রতিরক্ষা উপদেষ্টা আইএসপিআরের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং সংবাদ প্রস্তুত ও প্রচার, তথ্য যাচাই ও সংরক্ষণ এবং গণমাধ্যম সমন্বয় কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি আইএসপিআরের কার্যক্রম আরও গতিশীল, গবেষণানির্ভর, সময়োপযোগী ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্যোগ, সংকট ও জাতীয় প্রয়োজনের সময় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। একইসঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও মানবিক ভূমিকা দেশের মর্যাদা বৃদ্ধি করছে।

প্রতিরক্ষা উপদেষ্টা আরও বলেন, সংরক্ষণশীল তথ্যপ্রবাহ, সীমিত প্রচার এবং পর্যাপ্ত জনসম্পৃক্ততার অভাবে অনেক সময় জনগণ সশস্ত্র বাহিনীর বহুমাত্রিক কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পায় না। এ প্রেক্ষাপটে জনগণের সঙ্গে সশস্ত্র বাহিনীর যোগাযোগ আরও সুদৃঢ় করতে আইএসপিআরকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি সশস্ত্র বাহিনীর দেশপ্রেম, পেশাদারিত্ব, জনকল্যাণমূলক কার্যক্রম, দুর্যোগ মোকাবিলায় সহায়তা, জাতীয় উন্নয়নে অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভূমিকা তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে দেশি-বিদেশি পর্যায়ে তুলে ধরার আহ্বান জানান।

বর্তমান তথ্যপ্রবাহের যুগে সঠিক সময়ে সঠিক তথ্য উপস্থাপনের গুরুত্ব তুলে ধরে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, জাতীয় স্বার্থ, জনগণের আস্থা এবং সশস্ত্র বাহিনীর পেশাগত ভাবমূর্তি সমুন্নত রাখতে আইএসপিআরকে আরও আধুনিক, সমন্বিত ও কার্যকর যোগাযোগ কাঠামোর মাধ্যমে কাজ করতে হবে।

এ লক্ষ্যে তিনি গবেষণা, তথ্য সংরক্ষণ, গণমাধ্যম সমন্বয়, ডিজিটাল যোগাযোগ, প্রকাশনা কার্যক্রম এবং জনসম্পৃক্ততামূলক উদ্যোগ আরও শক্তিশালী করার নির্দেশনা দেন।

পরিদর্শনের শেষে প্রতিরক্ষা উপদেষ্টা আইএসপিআরের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যথাযথভাবে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Share This