জামায়াতের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

জামায়াতের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

চট্টগ্রাম প্রতিনিধি : January 28, 2026

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল।

 

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় নগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা দেশের সার্বিক নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক দলগুলোর গণসংযোগ কার্যক্রম এবং মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। 

 

এ সময় নগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমরা দেশের আইন-কানুন ও নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে নিয়মতান্ত্রিকভাবে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করছি।

 

আমাদের নারী জনশক্তিরাও এতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে দেশের বিভিন্ন এলাকায় নারীরা হামলা, অবমাননা ও শারীরিক হেনস্থার শিকার হচ্ছেন, যা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে। 

 

তিনি আরও জানান, নারীদের নিরাপত্তা দাবি ও দেশব্যাপী তাদের ওপর হামলার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি মহিলা মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। 

 

পাশাপাশি তিনি চট্টগ্রাম-১০ আসনে বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াতের ৮ জন কর্মী আহত হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, এসব ঘটনায় নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হলেও আইন অনুযায়ী কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

 

নগর আমির আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা, অর্থনীতি ও জনকল্যাণমূলক খাতে আমরা ব্যাপক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছি। একইসঙ্গে চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতাসহ স্থানীয় বিভিন্ন সংকট নিরসনেও আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

এতে উপস্থিত ছিলেন পলিটিক্যাল এনালিস্ট মার্সেল ন্যাগি, লিগ্যাল এনালিস্ট এরিনি গোউনারি প্রমুখ।

Share This