রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ

রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক : December 22, 2025

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) ২৫তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়। 

বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান সভায় সভাপতিত্ব করেন।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং বাহিনীগুলো থেকে বিএনএসিডব্লিউসি'র সর্বমোট ৪৩ জন সামরিক ও অসামরিক সদস্য এই সভায় অংশগ্রহণ করেন। সভায় আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশন ও রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইনের বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত সব কার্যক্রম ও তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিএনএসিডব্লিউসির সঙ্গে অনলাইনে নিবন্ধনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আইএসপিআর আরও জানায়, দেশে রাসায়নিক অব্যবস্থাপনাজনিত কারণে সম্প্রতি ঘটে যাওয়া মিরপুর, গাজীপুর ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অগ্নি দুর্ঘটনার ভয়াবহতা এবং এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সবার কার্যকরী ভূমিকার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও, দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহতকরণ ও রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমদানিকারক, ব্যবহারকারী, কাস্টমস ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে যথাযথ কার্যকরী ভূমিকা পালন করার বিষয়ে বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান বিশেষ গুরুত্বারোপ করেন।

Share This