কর্মসংস্থান বাড়িয়ে অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান পরিবেশমন্ত্রীর

কর্মসংস্থান বাড়িয়ে অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান পরিবেশমন্ত্রীর

ফেনী প্রতিনিধি : July 25, 2026

দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সম্পদ সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

শনিবার (২৫ জুলাই) ফেনী গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত পরিচালনা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের অর্থনৈতিক উন্নতি করতে হলে আগে সম্পদ সৃষ্টি করতে হবে। আর সম্পদ সৃষ্টির জন্য প্রয়োজন সামাজিক নিরাপত্তা, সুষ্ঠু আইনশৃঙ্খলা এবং রাজনৈতিক স্থিতিশীলতা। তিনি অভিযোগ করে বলেন, গত দুই দশক ধরে একটি দল এককভাবে সম্পদ সৃষ্টি করেছে এবং সেই সম্পদ লুটপাট করে দেশ ছেড়ে পালিয়েছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে এবং নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। ব্যবসা-বাণিজ্যের প্রসারে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

মন্ত্রী বলেন, শুধু সরকারি কর্মকর্তাদের দিয়ে রাষ্ট্রের সম্পদ সৃষ্টি সম্ভব নয়। রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে বেসরকারি খাতকে শক্তিশালী করতে হবে এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। কর্মসংস্থান বাড়ানো না গেলে চুরি-ডাকাতি, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধ করা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত পরিচালক মুশফিকুর রহমান পিপুলের সভাপতিত্বে এবং পরিচালক জিয়া উদ্দিন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি), সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু, ফেনী জেলা প্রশাসক মনিরা হক, ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, এফবিসিসিআইয়ের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদ, সাবেক সহসভাপতি জাফর উদ্দিন আহমদসহ অন্যান্য অতিথিরা।

Share This