মাদারীপুরে নির্বাচনী পরিবেশ পরিদর্শন করছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন উপজেলায় সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। পাশাপাশি প্রিজাইডিং কর্মকর্তা, নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তারা। খোঁজখবর নেন বিভিন্ন কেন্দ্র এবং ভোটারদের। বর্তমান পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা।
এ সময় নির্বাচন কমিশন, কর্মকর্তা, রিটানিং কর্মকর্তা, প্রিজাডিং কর্মকর্তারা নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ইউরোপীয় ইউনিয়নের লং টার্ম অবজারভার ও সদস্য ইভা মোল্ট ও লার্স জিরং ফরডাল বলেন, মাদারীপুরের তিনটি আসনে পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো আছে। আমরা এই টিমের দুই সদস্য একমাস ধরে মাদারীপুরে বিভিন্ন প্রান্ত ঘুরছি। নির্বাচন শেষে ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক রিপোর্ট ও পরবর্তীতে দুই মাস পর পুর্ণাঙ্গ রিপোর্ট প্রদান করা হবে।
প্রসঙ্গত, মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে ভোটযুদ্ধে লড়বেন ২৫ প্রার্থী। জেলার ৩৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তা। এছাড়া বাকি ১৫৭টি ভোটকেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৮ জন। ৫ লাখ ৫৩ হাজার ৭ জন নারী ভোটার। আর হিজড়া ভোটারের সংখ্যা ১২ জন।
তথ্য বলছে, প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ৩ জন করে অস্ত্রধারী পুলিশ, ৩ জন অস্ত্রধারী আনসার ও ১০ জন লাঠিধারী আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া সাধারণ ভোটকেন্দ্রে ২ জন করে অস্ত্রধারী পুলিশ, ২ জন অস্ত্রধারী আনসার ও ১১ জন লাঠিধারী আনসার সদস্য পালন করবেন দায়িত্ব। জেলায় প্রায় ৬০০ সেনাবাহিনী টহল ও নির্বাচন সুষ্ঠু করতে কাজ করেছেন। প্রতিটি উপজেলায় একশ করে সেনাবাহিনীর সদস্য থাকবেন নির্বাচনী মাঠে। এরমধ্যে সদর উপজেলায় থাকবেন ২০০ সেনা সদস্য। এছাড়া ৬ প্লাটুন বিজিবি, অর্ধশত র্যাব সদস্যও দায়িত্ব পালন করবেন ভোট সুষ্ঠু হওয়ার লক্ষ্যে। ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর মধ্যে মাদারীপুর-১ আসনে ৭ জন, মাদারীপুর-২ আসনে ৭ ও মাদারীপুর-৩ আসনে ১০ জন। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও থাকবেন এই দায়িত্ব পালনে।
আরও পড়ুন
মাদারীপুর-১ আসন: মাদারীপুরের শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসন। একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ২৮৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৪১ জন। নারী ভোটার আছে ১ লাখ ৫৫ হাজার ২৪৬ জন। এছাড়া ২ জন রয়েছে হিজড়া ভোটার। মোট ভোট কেন্দ্র ১০২টি। মাদারীপুর-০১ এই আসনে মোট ১০ প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করছেন। এরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী (ধানের শীষ), বাংলাদেশ কমিউনিস্টপার্টির প্রার্থী আবদুল আলী (কাস্তে), জাতীয় পার্টির মুহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু (লাঙ্গল), খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উবিন আহমাদ হানজালা (রিকশা), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা আকরাম হুসাইন (হাতপাখা), গণ অধিকার পরিষদের রাজিব মোল্লা, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মো. হাফিজুর রহমান (আনারস), স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু (ফুটবল), কামাল জামান নুরুউদ্দিন মোল্লা (জাহাজ) ও ইমরান হাসান (হরিণ)।
মাদারীপুর-২ আসন: মাদারীপুর সদরের ১০ ইউনিয়ন, এক পৌরসভা ও রাজৈর উপজেলার ১১ ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে মাদারীপুর-২ আসন গঠিত। এখানে মোট ভোটার ৪ লাখ ৩৬ হাজার ২৩২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৩ হাজার ৬২১ জন। নারী ভোটার আছে ২ লাখ ১২ হাজার ৬০৩ জন। এছাড়া ৮ জন রয়েছে হিজড়া ভোটার। মোট ভোট কেন্দ্র ১৪৫টি। এরমধ্যে সদর উপজেলায় ৭৮টি ও রাজৈর উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৬৭টি। মাদারীপুর-২ আসনে প্রার্থী সংসদ নির্বাচনে ১০ প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করছেন। এরা হলেন— বিএনপির প্রার্থী জাহান্দার আলী মিয়া (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা আলী আহমদ চৌধুরী (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিস-এর প্রার্থী মাওলানা আব্দুস সোবাহান (রিকশা), জাতীয় পার্টির প্রার্থী মো. মহিদুল ইসলাম মুহিদ হাওলাদার (লাঙ্গল), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ প্রার্থী মো. দিদার হোসেন (কাঁচি), কল্যাণ পার্টির প্রার্থী সুবল চন্দ্র মজুমদার (হাতঘড়ি), স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য (কলস), শহিদুল ইসলাম খান (মোটরসাইকেল), কামরুল ইসলাম সাঈদ আনসারী (হরিণ) ও বেয়াজুল ইসলাম (ঘোড়া)।
মাদারীপুর-৩ আসন: মাদারীপুরের কালকিনি উপজেলার ১১ ইউনিয়ন, এক পৌরসভা ও ডাসার উপজেলার ৫ ইউনিয়ন এবং মাদারীপুর সদর উপজেলার ৫ ইউনিয়ন নিয়ে মাদারীপুর-৩ আসন গঠিত। মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৮০৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৬৪৬ জন। নারী ভোটার আছে ১ লাখ ৮৫ হাজার ১৫৮ জন। এছাড়া ২ জন রয়েছেন হিজড়া ভোটার। মোট ভোটকেন্দ্র ১৩৪টি। এরমধ্যে সদর উপজেলায় ৩৭টি ও কালকিনি উপজেলায় ৭২ ও ডাসার উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ২৫টি। মাদারীপুর-৩ আসনে ৫ জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। প্রার্থীরা হলেন— বিএনপির মনোনীত আনিসুর রহমান তালুকদার খোকন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মাওলানা মো. রফিকুল ইসলাম (দাঁড়িপাল্লা), সুপ্রীম পার্টির প্রার্থী নিতাই চক্রবর্তী (একতারা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আজিজুল হক (হাতপাখা) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-এর প্রার্থী আমিনুল ইসলাম (মই)।