ফেনীর ফুলগাজীতে টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে গৃহবধূ হত্যার আলোচিত ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে র্যাব। সংস্থাটির তথ্যমতে, এ ঘটনার মূল হোতা নিহত গৃহবধূর দুঃসম্পর্কের ভাগনে আরিফ। ঋণের টাকা পরিশোধের উদ্দেশ্যে ডাকাতির পরিকল্পনা থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানানো হয়েছে।
সোমবার (২৯ জুন) ফেনী র্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তারা জানান, ঘটনার তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে একমাত্র অভিযুক্ত আরিফকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
র্যাব জানায়, ঋণের বোঝা থেকে মুক্তি পেতে কুয়েত প্রবাসীর স্ত্রী কুলসুমা আক্তার কাজলের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে আরিফ। পরিকল্পনার অংশ হিসেবে সে টিনের চাল কেটে ঘরে ঢোকে। তবে কাজল তাকে দেখে ফেললে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে আরিফ ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
র্যাবের তথ্যমতে, ফজরের নামাজের সময় স্থানীয় লোকজন ঘর থেকে বের হলে কাজলের গোঙানির শব্দ শুনতে পান। পরে প্রতিবেশীরা বাড়িতে জড়ো হতে শুরু করলে পরিস্থিতি বেগতিক বুঝে আরিফ ঘরের পেছনের দরজা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
উল্লেখ্য, টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে সংঘটিত এ হত্যাকাণ্ডটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করে।