টেকনাফে কোটি টাকার জাল নোট জব্দ

টেকনাফে কোটি টাকার জাল নোট জব্দ

কক্সবাজার প্রতিনিধি : May 25, 2026

কক্সবাজারের টেকনাফে ১২ লাখ টাকার জালনোট পাচারের সময় এক রোহিঙ্গাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় অভিযান চালিয়ে জালনোট তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে বিজিবি।

রবিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হ্নীলা মোচনী এলাকায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার নাজমুল এবং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের আজিজুর রহমান।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর মুবাশশির নাকীব তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির তিনটি আভিযানিক দল কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। মোচনী এলাকার চেকপোস্টে সন্দেহজনক টমটম সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি টমটমটি আটক করে।

এসময় টমটমে থাকা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১২টি হাজার টাকার নোটের বান্ডিলসহ মোট ১২ লাখ টাকার জালনোট উদ্ধার করে।

পরে আটককৃতদের দেওয়া তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় জাদিমুড়া বাজারের পূর্বপাশে রশিদ আহমদের মালিকানাধীন একটি টিনশেড ভাড়া বাসায় অভিযান চালায় বিজিবি। অভিযানের খবর পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। ঘরটি মূলত জালনোট তৈরির কারখানা ছিল।

সেখান থেকে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, দুটি অত্যাধুনিক প্রিন্টার, ছাপানো আনুমানিক কোটি টাকার জালনোট, কালি এবং জালনোট তৈরির কাগজ উদ্ধার করা হয়।

Share This