সাতক্ষীরায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের উদ্যোগে গ্রাহক সেবার মানোন্নয়ন বিষয়ে সার্ভিস উন্নয়ন মতবিনিময় সভা এবং অগ্নি নির্বাপণ ও উদ্ধার বিষয়ক বিশেষ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) হাসপাতালের কনসালটেন্ট সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও ইনচার্জ মুহা. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. নূরুল ইসলাম, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মনজুরুল ইসলাম, হিসাব বিভাগের ইনচার্জ শেখ শরিফুল আউয়ালসহ বিভিন্ন বিভাগের ইনচার্জ এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে চিকিৎসক, নার্স ও স্টাফদের আরও আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি রোগীদের সেবার মান আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে হাসপাতাল প্রাঙ্গণে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় ব্যবহারিক অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের প্রশিক্ষকদের তত্ত্বাবধানে আয়োজিত এ মহড়ায় হাসপাতালের কর্মকর্তা, নার্স ও নিরাপত্তাকর্মীদের অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলা, অগ্নি নির্বাপণ যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) সঠিকভাবে ব্যবহার এবং রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কৌশল হাতে-কলমে শেখানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী, স্বজন এবং হাসপাতালের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আকস্মিক দুর্ঘটনা মোকাবিলায় কর্মীদের দক্ষতা ও সচেতনতা বাড়াতেই এ ধরনের প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়েছে।