সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে

সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে

সাতক্ষীরা প্রতিনিধি : May 18, 2026

সাতক্ষীরার শ্যামনগর উপকূলসংলগ্ন সুন্দরবনে গুলি করে আমিনুর গাজী (৩৪) নামে এক কাঁকড়া শিকারিকে হত্যার অভিযোগ উঠেছে বনবিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে। নিহত আমিনুর গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বৈধ পাস নিয়ে চার জেলে দুটি নৌকায় করে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। 

সোমবার (১৮ মে) সকালে বনবিভাগের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে আমিনুর গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের।

গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুল আলম বলেন, বন বিভাগের এক ফরেস্টারের গুলিতে জেলে আমিনুর রহমান নিহত হয়েছেন। তারা চারজন দুটি নৌকায় করে সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সকালে তাদের দেখে মোবারক নামে এক বন কর্মকর্তা গুলি করেন। পরে কাছে গিয়ে দেখেন আমিনুর মারা যাচ্ছেন। এরপর তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

তিনি আরও বলেন, জেলেরা সাতক্ষীরা রেঞ্জের ভেতরেই অবস্থান করছিলেন। দুপুরে মরদেহ লোকালয়ে নিয়ে আসা হলে পরিবার ও গ্রামবাসীদের মধ্যে শোকের মাতম শুরু হয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। মরদেহ নিয়ে বন অফিস ঘেরাওয়ের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

তবে ঘটনার পর বনবিভাগের সংশ্লিষ্ট রেঞ্জার ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, বনবিভাগের কেউ গুলি চালিয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডাকাতদের গুলিতে নাকি কোস্টগার্ডের গুলিতে মৃত্যু হয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বনবিভাগের গুলিতে মারা গেলে কেন গুলি করা হয়েছে, তার জবাবদিহি অবশ্যই করতে হবে।

তিনি আরও বলেন, মোবারক নামে এক কর্মকর্তার নাম সামনে আসছে। তবে এখনো তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

Share This