কারাগার থেকে মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা।
সোমবার (১১ মে) সকালে ব্যাংককের কারাগার থেকে তিনি বের হন।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ৭৬ বছর বয়সী থাকসিন গত বছরের সেপ্টেম্বর থেকে কারাগারে বন্দী ছিলেন। সেই সময় থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট তাঁকে এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন।
এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, থাকসিন সিনাওয়াত্রাকে চার মাসের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তবে এই সময়ে তাকে একটি ইলেকট্রনিক মনিটরিং পরে থাকতে হবে।
থাকসিন সিনাওয়াত্রা কারাফটক থেকে বের হওয়ার সময় বাইরে তার হাজারো সমর্থক অপেক্ষায় ছিলেন। তারা থাকসিন সিনাওয়াত্রাকে স্বাগত জানান। কারাগার থেকে বেরিয়ে পরিবারের সদস্যদের জড়িয়ে ধরেন থাকসিন সিনাওয়াত্রা।
প্রায় ২৫ বছর ধরে থাইল্যান্ডের রাজনীতিকে পুনর্গঠন ও নিয়ন্ত্রণ করেছেন থাকসিন সিনাওয়াত্রা। তবে সাম্প্রতিক সময়ে তাঁর প্রভাব অনেকটাই কমে গেছে। তার রাজনৈতিক দল ফেউ থাই পার্টি চলতি বছরের নির্বাচনে ভালো ফল করতে ব্যর্থ হয়েছে।