সালমান-আনিসুলের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

সালমান-আনিসুলের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক : April 05, 2026

জুলাই অভ্যুত্থান চলাকালে সান্ধ্য আইন (কারফিউ) জারি করে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ রোববার (৫ এপ্রিল) চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ কার্যক্রম চলবে। মামলায় অভিযুক্ত আছেন সালমান এফ রহমান এবং আনিসুল হক।

এ পর্যন্ত চারজন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের মধ্যে শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারীর বাবা আল আমিন আদালতে সাক্ষ্য দিতে গিয়ে তার ছেলের হত্যার জন্য অভিযুক্তদের দায়ী করে বিচার দাবি করেন। একইভাবে অন্য সাক্ষীরাও জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

আদালত সূত্র জানায়, গত ১২ জানুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়। এর আগে ৪ ডিসেম্বর প্রসিকিউশন হত্যা, উসকানি ও প্ররোচনাসহ পাঁচটি অভিযোগ এনে চার্জ দাখিল করে। গত ২২ ফেব্রুয়ারি থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

অভিযুক্তরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।

Share This