হাটহাজারীতে অপরাধ দমনে কঠোর বার্তা

হাটহাজারীতে অপরাধ দমনে কঠোর বার্তা

চট্টগ্রাম প্রতিনিধি : July 30, 2026

অপরাধী যে দলের বা পরিচয়েরই হোক না কেন, অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কোনো ধরনের আপস করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

বুধবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, "অপরাধী যত শক্তিশালীই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা যেকোনো অপরাধে রাজনৈতিক পরিচয় কখনোই লাইসেন্স হিসেবে গণ্য হবে না।"

তিনি বলেন, রাষ্ট্র ও সরকার অপরাধ দমনে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। হাটহাজারী ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ এলাকা উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি সংঘটিত একটি চাঁদাবাজির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

রাজনৈতিক পরিচয়ের অপব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ব্যারিস্টার মীর হেলাল বলেন, গত ১৭ বছর ধরে যারা তাঁর সঙ্গে আন্দোলন-সংগ্রামে ছিলেন, তাদের প্রতি তাঁর আস্থা রয়েছে। তবে কেউ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধে জড়ালে দলীয় বা আইনি—কোনোভাবেই তাকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, "সন্ত্রাস ও অপরাধীর কোনো দল, বর্ণ বা সমাজ নেই। তাদের একমাত্র পরিচয় তারা অপরাধী।"

বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের আড়ালে যারা চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে জনপদ অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

হাটহাজারীবাসীর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, গত ১৯ বছর ধরে যেমন সুখে-দুঃখে মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও একজন সন্তান ও ভাই হিসেবে সবসময় পাশে থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

Share This